

রাজধানীর নয়াপল্টন এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে। বিএনপির মহাসমাবেশকে ঘিরেই শুক্রবার রাত থেকেই দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে নেতাকর্মীরা। মহাসমাবেশ শুরুর আগেই শনিবার সকাল ১০টার মধ্যে পুরো নয়াপল্টন এলাকায় ছেয়ে যায় বিএনপির নেতাকর্মীদের ভিড়। দুপুরেই দলটির মহাসমাবেশ শুরু হবে। সমাবেশস্থলে অবস্থান নেয়া নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে, দিচ্ছেন নানা স্লোগান। সরকারবিরোধী নানা স্লোগান দিতেও দেখা যায় তাদের। পাশাপাশি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান দলটির নেতাকর্মীরা। আর নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজপথে থাকবে বিএনপি।এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ থেকে সরকার হটানোর চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা।বিএনপির পাশাপাশি সরকারবিরোধী অন্যান্য দলগুলোও রাজধানীর ১০টি ভিন্ন স্পটে পালন করছে একই কর্মসূচি।



