

মূল পর্ব শুরুর আগেই আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশস্থল কানায়-কানায় পূর্ণ হয়ে গেছে। বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়েছে। আর দুপুর দুইটায় শুরু হবে সমাবেশের মূল পর্ব।ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে।শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় সমাবেশ শুরুর আগেই সেখানে জড়ো হন আওয়ামী লীগের হাজার-হাজার নেতাকর্মী। মিছিলে নিয়ে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারাও।মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।গতকাল শুক্রবার রাতেই আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি দেয় পুলিশ। এই সমাবেশকে সামনে রেখে গতকাল বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট নিজ নিজ এলাকায় মিছিল করে নেতাকর্মীদের উজ্জীবিত করে। সে সময় বিএনপিসহ বিরোধীদের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজপথে থাকার অঙ্গীকার করে আওয়ামী লীগ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


