

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবারও সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি রোববার ভোর ৬টায় শুরু হবে, আর চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। সড়ক, নৌ, রেলপথ— এই কর্মসূচির আওতায় থাকবে। বিএনপির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দিয়েছে জামায়াত ও রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ।বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী আহমেদ। একইসঙ্গে গত ২৮ অক্টোবর থেকে সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিলেরও আহ্বান জানিয়েছেন তিনি।এর আগে, একই সময়ে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চও। অন্যদিকে, বিএনপির ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম জানান, জামায়াতও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আহ্বান করেছে।এর আগে, গত ২৯ অক্টোবর সারাদেশে তিনদিনের অবরোধ ডাকে বিএনপি। একদফা দাবি আদায়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানায়। ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধ ডাকে বিএনপি। যা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার।উল্লেখ্য, বিএনপি অবরোধ ডাকার একদিন পর জামায়াতও তাদের পুরনো জোটসঙ্গীর সঙ্গে মিল রেখে একই সময়ে অবরোধ কর্মসূচি দেয়।প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এই সমাবেশের পর সারাদেশে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। জামায়াতও তখন হরতালের মতো কর্মসূচি ঘোষণা করে একইদিনে। হরতালের পর দুই দলই অবরোধ কর্মসূচিতে যায়।



