

এখনও আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেলেন, দেশের ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখে। তারা মনে করে আওয়ামী লীগ থাকলে আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে।বৃহস্পতিবার (৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।সরকারপ্রধান বলেন, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত হচ্ছে। অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত চলছে। এরই মধ্যে আমাদেরকে এক হয়ে এগিয়ে যেতে হবে।দেশের অগ্রযাত্রা যেন কোনোমতেই থেমে না যায়। আজ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একমাত্র আওয়ামী লীগই প্রকৃত রাজনৈতিক সংগঠন। বাকি যারা আছে, তারা হত্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছু বুঝে না।দেশব্যাপী চলমান গ্রেফতার অভিযান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি-জামায়াত) আমরা গ্রেফতার করবো না তো কী করবো। আবার অনেকে বলে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ওই সব দেশে যদি করতো তাহলে তারা কী করতো? তাদের দেশে কী করছে সেটা আমরা জানি, দেখছি। মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। আমরা সরকারে আছি, এটা আমাদের কর্তব্য।তিনি আরও বলেন, আমরা তো আন্দোলন করেছি, কিন্তু মানুষকে পুড়িয়ে উল্লাস করে আন্দোলন করিনি। আমাদের আন্দোলনের একটা গণতান্ত্রিক ধারা ছিল। সেই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি। দেশের মানুষ যখন শান্তিতে তখন এই বিএনপি আবার রাস্তায় নেমেছে অগ্নিসন্ত্রাস নিয়ে অশান্তি সৃষ্টি করতে। এই অশান্তির হাত থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে।



