

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিঃশর্ত সংলাপের আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। জানতে পেরেছি, যেকোনও সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সুতরাং সময় পেরিয়ে গেছে। আর সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কি না, সেটাই বিষয়।সংলাপের আহ্বান ও সুষ্ঠু ভোট চেয়ে বাংলাদেশের তিন বড় দলের কাছে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সেই চিঠি এর আগে বিএনপি ও জাতীয় পার্টির কাছে পৌঁছে দেয়া হয়। আজ বুধবার সকালে সচিবালয়ে ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগের জন্য দেয়া চিঠিটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরপরই সেতুমন্ত্রী এসব কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, এক পৃষ্ঠার একটি চিঠি আমি পড়েছি। তাতে লেখা আছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টি। চিঠির বিষয়ে সম্ভব হলে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র কারো পক্ষে নয়।চিঠি হস্তান্তরের পরে সাংবাদিকদের পিটার হাস বলেন, বাংলাদেশে চলমান সহিংসতা বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত। সব দলের অংশগ্রহণে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক তা আমরা চাই।


