বিএনপির আন্দোলনের 'সঙ্গী' ইবরাহিমের নেতৃত্বে নয়া জোট, অংশ নেবে ভোটে
হেড অফ ডিজিটাল মিডিয়া


কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট আত্মপ্রকাশ করেছে। এই জোট দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করেছে।বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নতুন এই রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এ সময় নির্বাচনে যাওয়ার ইচ্ছাপোষণ করেন তিনি।এই রাজনৈতিক জোটে কল্যাণ পার্টির সঙ্গে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।যুক্তফ্রন্টের সভাপতির দায়িত্বে আছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি জানিয়েছেন, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর থেকে পেছানো হতে পারে। নির্বাচনের ভোটগ্রহণসহ অন্যান্য তারিখও পেছানো হতে পারে। যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিভিন্ন জোট ও দল আন্দোলন করছে। এর মধ্যে ১২-দলীয় জোট অন্যতম। আর এই ১২ দলীয় জোটের নেতৃত্বে ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।



