

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে আগামী রোববার (২৬ নভেম্বর)। এখন পর্যন্ত চারটি বিভাগে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বিজয়ী হতে পারবে এমন কোনো প্রার্থীকে মনোনয়নের তালিকা থেকে বাদ দেয়া হয়নি।আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আরও জানান, যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন এবং বিজয়ী হতে পারবেন না, তাদেরকে মনোনয়ন দেয়া হচ্ছে না।ওবায়দুল কাদের বলেন, এখনও নির্বাচনে আসার সুযোগ আছে বিএনপির। দলীয়ভাবে না আসলেও দলটির অনেকেই প্রার্থী হিসেবে অংশ নিতে চায়। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশের সম্পদের ক্ষতি করছে। তবে, চোরাগোপ্তা হামলা করে নির্বাচন পণ্ড করা যাবে না।শেষ পর্যন্ত কী হয় তা দেখতে দেশবাসীকে অপেক্ষা করতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম শেষ হয়। এখন প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত কার্যক্রম চলেছে। এজন্য রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল ও আজ শুক্রবার (২৪ নভেম্বর) দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। আগামীকালও বসবে সভা। তারপরেই ঘোষণা দেয়া হবে কারা এবার নৌকার মাঝি হচ্ছেন।উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।



