

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে ঘোষিত তফসিল পুনর্নির্ধারণ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।তিনি বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তফসিল পেছানোর সুযোগ রয়েছে। তাদের পক্ষ থেকে নির্বাচনে আসার প্রস্তাব এলে তা বিবেচনা নেওয়া যাবে। তফসিল পুনর্নির্ধারণ করা হবে।শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউজে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অথিতি হিসেবে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের এ কথা বলেন এই নির্বাচন কমিশনার।তবে, আনিছুর রহমান এ-ও বলেন, ২৮ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার। ভোটাররা ভোট দিতে এলেই নির্বাচন সফল হবে। কারা নির্বাচনে এলো আর কারা এলো না, এটা তাদের দলীয় ব্যাপার। এজন্য নির্বাচন থেমে থাকবে না।


