

মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি পায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এ রকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি।নির্বাচনি বিধিরি বাইরে যেতে চান না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা, সেটি করছি না। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে বলে আশঙ্কা করছে ইসি। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে আওয়ামী লীগ। যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ করছে, তারা গণতান্ত্রিক শক্তি নয়।এর আগে, গত রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন সমাবেশের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন।



