

শরীকদের জন্য আপাতত কিছুই না রেখে ২৯৮ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কেবল কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী দেয়নি দলটি। এরমধ্যে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য জাসদের হাসানুল হক ইনু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির সেলিম ওসমান।এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি শরীকদের আসন ছাড় দেবে না? এরমধ্যে শরীকদের সঙ্গে আসন চূড়ান্ত না হতেই মনোনয়নপত্র জমা দেয়ার সময় চলে যায়।গতকাল সোমবার (৪ ডিসেম্বর) ১৪ দলের শরীকদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। তাতে আসন ভাগাভাগি নিয়ে প্রাথমিকভাবে কথা আগায়।এ নিয়ে আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আজকালের মধ্যে ১৪ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। ১৪ দলের সাথে আমাদের একটা সমঝোতা অবশ্যই হবে। আজকালের মধ্যেই আসনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবেলায় ১৪ দল লড়াই করে যাবে।কতটি আসন ছাড় দেয়া হতে পারে, এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলীয় জোটের প্রত্যাশা কত, আর তারা যা পাবে তার বাস্তবতা কত, দুইটা মিলেই সিদ্ধান্ত নেয়া হবে।



