

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে বিজয় র্যালি করবে আওয়ামী লীগ। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এ র্যালি করা হবে। বিজয় দিবস উপলক্ষ্যে এই র্যালি করবে ক্ষমতাসীন দল।শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক যৌথসভায় তিনি এ কর্মসূচির কথা জানান।ওবায়দুল কাদের বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র্যালি করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ।



