

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগের জোট নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা, গুজব, গুঞ্জন আছে। তবে ক্ষমতাসীন দল সতর্ক আছে, এ নিয়ে বিভ্রান্ত করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষকে ভয় ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বাস-ট্রাকে আগুন, ট্রেনে নাশকতা— এসব নির্বাচন বিরোধী ষড়যন্ত্র। নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে এসব করা হচ্ছে। আগামী নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে, ব্যাপক ভোটারের উপস্থিতি করতে হবে।



