

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের এখন পর্যন্ত ৭টি আসনে ছাড় দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবারও (১৪ ডিসেম্বর) এ নিয়ে বৈঠকে বসে জোটের নেতারা।এরপরই জানা যায়, সাতটি আসনে শরিকদের ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। তবে, কাকে কোন আসন ছেড়ে দেওয়া হবে, তা কালকের মধ্যে শরিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ছাড় দেওয়া আসনেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মুখোমুখি হতে হবে তাদের।আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, বর্তমান সংসদে ১৪ দলীয় জোটের চারটি দলের আটজন সংসদ সদস্য থাকলেও এবার তিনটি দলের সাতজনকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম-২ আসনে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর বিষয়ে চূড়ান্ত নেয়া হয়নি। এই আসনে তার ভাতিজা বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদকে সমর্থন দেয়ার সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগের।শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাসদকে তিনটি করে এবং জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছাড় দেয়ার বিষয় নিশ্চিত হয়েছে। এরমধ্যে কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন জোটের প্রার্থী হবেন। ওয়ার্কার্স পার্টিকে ছাড় দেওয়ার তালিকায় আছে বরিশাল-৩ (রাশেদ খান মেনন), রাজশাহী-২ (ফজলে হোসেন বাদশা) ও সাতক্ষীরা-১ (মুস্তফা লুৎফুল্লাহ) আসন। জাতীয় পার্টিকে (জেপি) পিরোজপুর-২ (আনোয়ার হোসেন মঞ্জু) ছাড় দেওয়া হবে।


