ভোট চুরির অপরাধে খালেদাকে দু'বার বিদায় নিতে হয়: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে বিদায় নিতে হয়েছিল। একবার নয়, দুইবার বিদায় নিতে হয়েছিল। খালেদা জিয়া ৯৬ সালে ভোটারবিহীন নির্বাচন করে ঘোষণা দিল যে, সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছে। বেশি দিন ক্ষমতায় বসতে পারেনি, ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হলো, ৩০ মার্চ জনগণের রুদ্ররোষে খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল। নাকে খত দিয়ে পদত্যাগ করে বিদায় নিয়েছিল সে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।সরকারপ্রধান বলেন, বাংলাদেশে খুনি, সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। বাংলাদেশ স্বাধীন দেশ, দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরে পেয়েছে। তারা ভোটের অধিকার প্রয়োগ করবে, শান্তিতে বাস করবে, উন্নত জীবন পাবে— সেটাই আমাদের লক্ষ্য।বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, রেললাইন থেকে বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করে আবার গণতন্ত্রের কথা বলে কোন মুখে? হত্যাকারীরা কখনো গণতন্ত্র দিতে পারে না। এটা দেশের মানুষকে বুঝতে হবে।


