

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার (১৭ ডিসেম্বর) দলটির প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেননি। তাতে স্পষ্ট হলো দলটি ভোটের লড়াইয়ে থাকছে।অবশ্য আজ বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও জানান, নির্বাচনে অংশ নেবে জাপা।মুজিবুল হক চুন্নু বলেন, সব বাধা উপেক্ষা করে আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেজন্য আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবো। এই মুহূর্তে বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি।এবার আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় পার্টি সংসদ নির্বাচনে যাবে বলেও জানান তিনি। এবারের ভোটে ২৮৩ আসনে প্রার্থী রয়েছে দলটির।তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশনের কাছে আমাদের একটি দাবি ছিল, যেন নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়, যাতে করে মানুষ ভোট দিতে আসতে পারে। তাহলে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। সরকার ও নির্বাচন কমিশনের আশ্বাসে আমাদের আস্থা এসেছে যে, তারা নির্বাচনটা ভালোভাবে করতে চান। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচন যেন প্রতিযোগিতামূলক হয় সেই আলোকে আমরা কাজ করে যাব।



