

হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু— তিনজনেই তিনটি দলের প্রধান। তারা সকলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে নিজ দলের প্রতীকে নয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা নিয়ে ভোটে লড়বেন তারা।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবারও দলীয় নির্বাচনী প্রতীক মশাল ছেড়েছেন। কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন তিনি। ১৪ দলীয় জোটের শরিক হিসেবে নৌকা নিয়ে ভোটের মাঠে হাজির হচ্ছেন জাসদ সভাপতি।নৌকা নিয়ে নির্বাচন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের জন্য নতুন নয়। নিজ দলীয় নির্বাচনী প্রতীক হাতুড়ি ছেড়ে নৌকায় চড়েছেন একাধিকবার। তবে সেই চড়া ছিল ঢাকায়। এবার ঢাকা থেকে নৌকায় চেপে তাকে যেতে হলো বরিশালে। সেখানে গিয়ে বরিশাল-২ আসনে নৌকা নিয়ে ভোট করছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। তার দলও ১৪ দলীয় জোটের শরিক।এই জোটের আরেক দল জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও চড়লেনও নৌকায়। তবে এবার প্রথমই, নিজের দলের প্রতীক সাইকেলে ছেড়ে নৌকায় ভরসা রাখলেন জেপি চেয়ারম্যান। তার জন্য পিরোজপুর-২ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।



