

বিএনপিসহ সরকারবিরোধী একাধিক দল একদফা দাবি আদায়ে গত দেড় মাস ধরে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। সরকার পতনের এই আন্দোলনে আরও গতি আনতে চায় বিএনপি। এছাড়া, ভোটের দিনও ঘনিয়ে আসছে। তাই নির্বাচন প্রত্যাখ্যানে জনগণকে উদ্বুদ্ধকরণে নতুন ঘোষণা দেবে বিএনপি।গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তাদের চলমান আন্দোলনের বিষয়ে আজ বুধবার গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।বিএনপির সূত্রে জানা গেছে, সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিষয়ে ঘোষণা আসতে পারে। বিএনপির সঙ্গে একই ব্যানারে আন্দোলনে সম্পৃক্ত হতে পারে জামায়াত, ইসলামী ঐক্যজোটও। এছাড়া, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটও আগের মতো আন্দোলন কর্মসূচিতে সম্পৃক্ত থাকবে।ঐক্যের বিষয়ে ঘোষণা ছাড়াও আন্দোলনের দিক-নির্দেশনা আসতে পারে। তবে কী ধরনের আন্দোলন কর্মসূচি আসতে পারে তা নিশ্চিত করতে পারেনি বিএনপির এই সূত্র। তারা বলছে, নির্বাচন কমিশন ঘেরাও, অসহযোগ আন্দোলনের পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে, এই মুহূর্তে এমন কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে নাকি আরও পরে, তা এখনও নিশ্চিত নন তারা। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই নির্দেশনা দেবেন।এদিকে, সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, গোটাজাতি এক ভয়ংকর অন্ধকার জঙ্গলে বাস করছে। যেখানে চারিদিকে ঘিরে আছে ভয় ও আতঙ্কের ব্যারিকেড।


