

যে এলাকায় ভোট বেশি পাবেন, সে এলাকায় উন্নয়নও বেশি করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় এ ঘোষণা দেন তিনি। তিনি আজ একাধিক পথসভা করেছেন।এসব পথসভায় নির্বাচনী এলাকার মানুষদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। যে এলাকায় বেশি ভোট দেবে, সেই এলাকায় বেশি উন্নয়ন করা হবে। মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দিয়েছি। চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না। মানিকগঞ্জেই সেই উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করে দিয়েছি।বিএনপিসহ বিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, তারা ধ্বংসের রাজনীতি করে। তারা দেশের ভালো চায় না। কয়েক দিন পরই শুরু হবে বই উৎসব। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই তুলে দেবে। বিএনপি-জামায়াত সেই বইয়ের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।ট্রেনের লাইন কেটে ও পেট্রল ঢেলে বিএনপি–জামায়াত জোট মানুষ হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি।


