

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র বানান করতে পারবে কি না। তারেক রহমানকে উদ্দেশ করে বললেন, এখন যদি জিজ্ঞেস করি গণতন্ত্র বানান করতে পারবে? মনে হয় বানানও করতে পারবে না।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এসব বলেন।তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ২০০৭ সালে কেয়ারটেকার সরকারের কাছে মুচলেকা দিয়েছিল। আর রাজনীতি করবে না এই বলে বিদেশে পাড়ি দিয়েছিল। আর সেখানে বসে এখন হুকুম দেয় নির্বাচন বানচাল করার, তারা নাকি গণতন্ত্র আর ভোট (অধিকার) দেবে। যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি, ভোটের মধ্য দিয়ে হয়নি, অবৈধভাবে হয়েছে, তারা আবার গণতন্ত্র এবং ভোট দিবে কীভাবে? এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হচ্ছে বিএনপি।এ সময় নৌকায় ভোট চান তিনি। আর দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন করবেন। নিজের দলের মধ্যে ঐক্য রাখবেন। যত প্রার্থী আছে সবাই জনসংযোগ করুক, স্বাধীন মতো। জনগণকে সুযোগ দেবেন তাদের পছন্দমতো প্রার্থী নির্বাচিত করতে, তাতে গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে।



