

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ এবং ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করবেন দলটির নেতাকর্মীরা।রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।এর আগে, গত ২০ ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জনগণের প্রতি আহ্বান জানান, ৭ জানুয়ারির নির্বাচন বর্জনসহ সরকারকে সব ক্ষেত্রে অসহযোগিতা করতে।সেদিন থেকে সারাদেশে ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলন বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি অবরোধ কর্মসূচিও পালন করছে দলটি।আজ সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সারাদেশে সরকারি ছুটি থাকবে। তাই কোনো কর্মসূচি নেই। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে।এছাড়া, গত ৩ দিন কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে এ সময় ধন্যবাদ জানান তিনি।



