

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিমোট কন্ট্রোল লিডার না হয়ে রাজপথে এসে রাজনীতি করার পরামর্শ দিলেন আওয়ামী লীগ সাধরণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।ওবায়দুল কাদের জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এবারের নির্বাচন করতে হচ্ছে। তাছাড়া ভোটে মানুষের আগ্রহও আছে বলে ইইউর পর্যবেক্ষক দলকে জানিয়েছে তার দল। নির্বাচনে বিরোধী দল কে হবে ও স্বতন্ত্র প্রার্থী কারা সে বিষয়েও জানানো হয়েছে।স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় আওয়ামী লীগের নেতাদের বহিষ্কার এবং সদস্য পদ স্থগিত করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় যে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারেন। সে অধিকার দেওয়া হয়েছে। যিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি যদি আওয়ামী লীগের হন, তার সঙ্গে যদি আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা কাজ করেন, তাহলে কোনও সমস্যা দেখি না। আমরা নতুন অভিজ্ঞতা বিশ্বকে দেখাতে চাচ্ছি। জনমত নিয়ে এটাও ডেমোক্র্যাসি। জেলা ও উপজেলা আওয়ামী লীগের কাউকে বহিষ্কার করার ক্ষমতা দেওয়া হয়নি। তারা বহিষ্কারের জন্য সুপারিশ করতে পারে, কিন্তু সরাসরি বহিষ্কার করতে পারবে না।এর আগে বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের প্রতিনিধি। তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপদফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ।


