নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভা, থাকবেন প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভা হবে নারায়ণগঞ্জে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জানুয়ারি শহরের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও একই আসনের নৌকার মনোনীত প্রার্থী শামীম ওসমান এ তথ্য জানান। শহরের চাষাঢ়া এলাকার রাইফেলস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় শামীম ওসমান বলেন, ৪ জানুয়ারি দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে জাতির পিতার কন্যা আসবেন। কিছুক্ষণ আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। সভাটি রাজধানীতে না করে আমাদের যে মূল্যায়ন করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রিয় ছিল এই নারায়ণগঞ্জ। সেই দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবে আমি জাতির পিতার কন্যার কাছে আহ্বান জানিয়েছিলাম, নির্বাচনকালীনসময়ে সবশেষ সভাটি যদি নারায়ণগঞ্জে হয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ আনন্দিত হবে।প্রসঙ্গত, ৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হবে এবারের ভোটের প্রচারণা ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



