

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে নানান প্রতিকূলতায় তা পূরণ হয়নি।রোববার (৩১ ডিসেম্বর) বই উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শেখ হাসিনা বলেন, আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে শিক্ষক হবো। সেটাও আবার প্রাইমারি স্কুলের। আমি তাই হতে চেয়েছিলাম। ওটা আমার খুব পছন্দের ছিল। কিন্তু আর হলো না।স্বপ্ন পূরণ না হওয়ার কারণও জানান সরকারপ্রধান। বললেন, আমার বাবা সারাজীবন সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন। এ বাংলাদেশের মানুষের কথা বললেই তখনকার সরকার তাকে গ্রেফতার করতো, জেলে নিয়ে যেতো। বারবার আমাদের পড়াশোনায়ও বাধাগ্রস্ত হতো। তারপরও চেষ্টা করতাম। তবে পড়াশোনা শেষপর্যন্ত আর শেষই করতে পারিনি।আওয়ামী লীগ সভাপতি এ সময় উল্লেখ করেন, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হন, তখনই তার বাবা-মা, ভাই সবাইকে মেরে ফেলা হলো। ছোটবোন শেখ রেহানারও তখন পড়াশোনা চলছিল। দুজনেই তখন বিদেশে। কিন্তু আর দেশে ফিরতে পারেনি সে সময়। তখনকার সরকার তাদেরকে দেশে আসতে দেয়নি।প্রধানমন্ত্রী জানান, রিফিউজি হিসেবে প্রায় ছয় বছর বিদেশে থাকতে হয়েছিল। তাই তিনি মাস্টার্স শেষ করতে পারেননি। রেহানাও পড়াশোনা শেষ করতে পারেননি। তারপরও তারা শিক্ষাটাকে গুরুত্ব দেন।এর আগে, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



