

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শেষ জনসভা হবে নারায়ণগঞ্জে। কাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে জাতির উদ্দেশে কাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।এবারের ভোট পর্যবেক্ষণে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে।নির্বাচন কমিশনের বিষয়ে (ইসি) তিনি বলেন, এবার ইসি স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচারণবিধি লঙ্ঘন দেখছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।



