

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পুরো দিন এবং এর আগের দিন ও পরবর্তী দিনে মোট ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াত।শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হয়ে এ হরতাল চলবে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত। অর্থাৎ ভোটের দিন ৭ জানুয়ারি সারাদিন হরতাল পালন করবে দলটি। আর ভোটের আগের ১৮ ঘণ্টা এবং পরের দিন ৬ ঘণ্টা এই কর্মসূচি পালন করবে বিএনপি ও জামায়াত।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির হরতালের কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।এর কয়েক ঘণ্টা পর জামায়াতও একই রকম কর্মসূচি ঘোষণা করে। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এ কর্মসূচি দেয়ার কথা জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম। এক বিবৃতিতে তা জানানো হয়।আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ২৮টি দল এতে অংশ নিয়েছে। বিপরীতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সরকারবিরোধী দল এই নির্বাচনে অংশ নেয়নি। উল্লেখ্য, এর মধ্যে জামায়াতের নিবন্ধনও নেই।হরতাল ছাড়াও কাল শুক্রবার (৫ জানুয়ারি) সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে দুই দলই।



