

নির্বাচন সুষ্ঠুভাবে করা যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারছি। এজন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা-বিপত্তি ছিল, নির্বাচনে ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকা সিটি কলেজে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিও ছিলেন তার সঙ্গে।এ সময় ভোটবিরোধীদের সমালোচনা করেন শেখ হাসিনা। বলেন, তারা দেশের মানুষের কল্যাণ চায় না, গণতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস নৈরাজ্য করছে বিএনপি।এদিকে, ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার সকাল ৮টার দিকে প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দেন। এরপর মেয়ে সায়মা ওয়াজেদ কেন্দ্রটিতে ভোটাধিকার প্রয়োগ করেন।ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। হিসেবে বলা যায়, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া এই প্রার্থীর কপালে জুটছে প্রধানমন্ত্রীর ভোট।



