

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচিতরা কাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নিচ্ছেন না। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।এবারের ভোটে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হচ্ছে আজ মঙ্গলবার। নবনির্বাচিতরা শপথ নেবেন কাল। এদিন সকাল ১০টায় সংসদ ভবনে শপথ নেবেন তারা। এজন্য পুরোপুরি প্রস্তুতি শেষ করেছে জাতীয় সংসদ সচিবালয়।তবে জাপার বিজয়ীরা প্রথমদিনে শপথ নিচ্ছেন না কেন? এর কারণ হিসেবে জাপা মহাসচিব বলেন, দলটির চেয়ারম্যান জি এম কাদেরসহ বাকি নির্বাচিতরা এই মুহূর্তে ঢাকার বাইরে অবস্থান করছেন। তারা ঢাকায় ফিরে দলীয়ভাবে সিদ্ধান্ত নেবেন, তখন শপথ নেয়ার বিষয়ে ঘোষণা আসবে।উল্লেখ্য, সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।এবারের নির্বাচনে ২৬৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, ভোটের আগে দলটির ১৯ জন সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ২৬৫ আসনের মধ্যে ২৬টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ছাড় পেয়েছিল। সেসব আসনে ছিল না নৌকার প্রার্থী। বাকি আসনগুলোতে আওয়ামী লীগসহ অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লাঙ্গলের প্রার্থীরা।শেষ পর্যন্ত ছাড় পাওয়া ২৬টি আসনের মধ্যে ১১টিতে জয় পেয়েছেন লাঙ্গলের প্রার্থীরা। বর্তমানে দলটির ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। সেখান থেকে কমে তা ১১-তে দাঁড়িয়েছে।



