

সংসদ নির্বাচনের পর এখন দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদের ভোট। নির্বাচন কমিশন কর্মকর্তাও জানিয়েছে, তারা উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুত। কমিশনের সিদ্ধান্ত পেলেই ঘোষণা করা হবে, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল।ইসি সূত্রে জানা গেছে, আসন্ন রোজার আগে প্রথম ধাপে প্রায় একশ উপজেলায় নির্বাচন হতে পারে। বাকিগুলোতে রোজার পরে নির্বাচন হবে।এই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর যাওয়ার সম্ভাবনা নেই। তাই এখন প্রশ্ন, এই ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীকে প্রার্থী দেবে কি না।এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেছেন, এখনও দেয়ার বিষয়ে সিদ্ধান্ত আছে।তবে, না দেয়ার সুরও ছিল সেতুমন্ত্রীর মুখে। বলেছেন, আওয়ামী লীগের স্থানীয় প্রতিনিধি মনোনয়ন বোর্ড যখন বসবে তখন সিদ্ধান্ত নেয়া হবে, যদি প্রতীক না দেয়া হয়। অথবা আমাদের সভাপতি সিদ্ধান্ত নিতে পারেন, দলের মার্কা নিয়ে এ ভোটে প্রার্থী থাকবে কি না।জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও কি প্রার্থিতা উন্মুক্ত রাখবে আওয়ামী লীগ, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে দলের সভাপতি সিদ্ধান্ত নেবেন।


