

নিয়াজ মোরশেদঃ
এবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ঘোষণা দিয়ে বললেন, গণঅনশনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।
মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিএনপির অনশনের সময় আশেপাশের খাবারের দোকানে বিক্রি বেড়ে যায়।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে সরাতে পারলেই কেবলমাত্র জনগণ স্বস্তি পাবেন এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নিত্যপণ্যের দাম কমাতে এই সরকার ব্যর্থ। আগামীকাল থেকে রোজা। কিন্তু সীমাহীন ব্যর্থতা আর সরকারের গুরুত্বহীনতার কারনে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।
শনিবার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশনে অংশ নিয়ে ফখরুল আরও বলেন, গণঅনশনের মাধ্যমেই বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।
মির্জা ফখরুল বলেন, সরকারের ওপর যে জনগণের আস্থা নেই, সেটা জানাতে হবে। আ.লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে মন্তব্য করে ফখরুল বলেন, এখনও সময় আছে পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের।
এদিকে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রতিউত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আমি শুনলাম বিএনপি না কি অনশন করছে। তাদের অনশনের সময় আশেপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করবো, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবেন, আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।
তিনি বলেন, দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে। এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তারা উদ্ভ্রান্তের মতো কথা বলছেন।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।


