
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় গ্রেফতার বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।
এ সময় আদালতে ইশরাকের জামিন আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন।
এর আগে সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় গ্রেফতার করা হয় ইশরাককে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব দূরবীন নিউজকে জানান, ২০২০ সালে মতিঝিল থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার-১৮ আসনের নির্বাচনের সময় বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়।
ওই মামলায় আসামি করা হয় ইশরাককে। মামলাটিতে উচ্চ আদালত থেকে জামিন নেন ইশরাক। তবে উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
মামলাটি বর্তমানে তদন্তাধীন। গত ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।


