
তিন দাবি নিয়ে রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন অভিমুখে পদযাত্রা করবেন সোহেল তাজ।
দাবিগুলো হলো:
১. যেহেতু ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম নিল তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।
২. ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ দেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার একজন তাজউদ্দীন আহমদের ছেলে।
গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি তার দাবিগুলোসহ এ কর্মসূচি ঘোষণা করেন।
পদযাত্রা শুরুর ঘোষণা দিয়ে সোহেল তাজ লিখেছেন, কেউ চাইলে তার সঙ্গে পদযাত্রায় সামিল হতে পারেন। কেউ যুক্ত না হলেও তিনি একাই পদযাত্রা করবেন।



