
জাতীয় দলে খেলা ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সব শেষ তিনি বিতর্কে জড়ান তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করে। নানা বিতর্কের মধ্যেই সম্প্রতি এই দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।
দশ দিনেরও বেশি সময় পর সোমবার এই ক্রিকেটার নিজেই সংবাদমাধ্যমকে সুখবরটি দিলেন। সোমবার ডিপিএল সুপার লিগে তার দল প্রাইম ব্যাংকের ম্যাচ ছিল আবাহানীর বিপক্ষে। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসির জানান তার বাবা হওয়ার বিষয়টি। সেই সাথে দেশবাসীর কাছে দোয়া চান নাসির-তামিমা দম্পতি।
এর আগে গত ৮ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে নাসির-তামিমা সুলতানা তাম্মির ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান।
গত বছর ভালোবাসা দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসির-তামিমা। মাঠে বিতর্কের জন্ম দেওয়া এই ক্রিকেটার বিতর্কে জড়ান বিয়ে নিয়েও। নবদম্পতির বিরুদ্ধে মামলা ঠুকে দেন তামিমার প্রথম স্বামী রাকিব।
রাকিবের অভিযোগ ছিল, তাকে ডিভোর্স না দিয়েই নতুন করে নাসিরের সঙ্গে ঘর বেঁধেছেন তামিমা। রাকিবের মামলায় আদালত পর্যন্ত ছুটতে হয় দুজনকে। এরই মধ্যে সর্বশেষ ডিসেম্বরে আইনজীবীর মাধ্যমে নাসির আদালতকে জানান, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
গত ২৫ ফেব্রুয়ারি বেশ ঘটা করেই তামিমার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন নাসির। একাধিক ছবি প্রকাশ করেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে।
নাসির এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ ক্রিকেটে (ডিপিএল)। ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তিনি।


