
আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে সবচেয়ে সফল দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। তবে আজকের ম্যাচটি যে বেশ হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছে। কারণ এখন পর্যন্ত মোট পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই। অপরদিকে চারবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস।
যদিও চলতি বছরে নিজেদের প্রকৃত রুপ দেখাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। তবে আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স যদি চেন্নাইয়ের বিরুদ্ধে আবারও পরাজিত হয়, তাহলে চলতি আইপিএলের গ্রুপ পর্যায় থেকে প্রথম দল হিসেবে বিদায় নেবে রোহিত শর্মার মুম্বাই।
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত কোন দল প্রথম ম্যাচ থেকে টানা ছয় ম্যাচে পরাজিত হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্স একমাত্র দল হিসেবে এই লজ্জার রেকর্ড নিজের নামে করে নিয়েছে। যার ফলে প্লে- অফে খেলার স্বপ্ন এখন খাদের কিনারে রোহিত শর্মাদের। তবে প্লে- অফের দৌঁড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি জেতা আবশ্যক রোহিতদের।
অন্যদিকে ছয়টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে চেন্নাই সুপার কিংস। আজ বৃহস্পতিবারের ম্যাচটি তাই বাঁচা-মরার লড়াই দুই দলের কাছেই। প্লে-অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে রবীন্দ্র জাদেজার চেন্নাই। অন্যদিকে সম্মান রক্ষার খাতিরে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স।
বুধবার দলীয় বৈঠকে রোহিত শর্মা জানান, খেলায় আমরা চেন্নাইকে বিন্দু পরিমাণ ছাড় দেবোনা। শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাবো।


