বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশের তারিখ থেকেই নতুন কমিটি কার্যকর হয়েছে।

আদেশে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন না করায় আগের অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

সহসভাপতি ও অন্যান্য পদে যারা

নতুন কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন জেসমিন নাহার, মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম ও শাহেদ ওয়াহেদ আলী।

যুগ্ম সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষ করা হয়েছে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজকে।

কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন (সেলিম), তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।

তিন মাসের মধ্যে নির্বাচন

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, নতুন অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।