
আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া প্যারিস সেন্ট জার্মেই থেকে তার বিদায় নিশ্চিত করেছেন । তার চুক্তি এই মৌসুমে শেষ হয়ে যাবে এবং চুক্তি শেষে তাকে বিনামূল্যে ক্লাব ছাড়বেন তিনি ।
ডি মারিয়া ফ্রান্সে খেলেছেন সাত বছর । ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিতে যোগ দেন তিনি । ডি মারিয়া প্যারিসের হয়ে ২৯৪টি ম্যাচ খেলে গোল করেছেন ৯২টি এবং অ্যাসিস্ট করেছেন ১১৮টি । পিএসজি ক্লাবের হয়ে সর্বোচ্চ এসিস্ট করার রেকর্ড তার ।
প্যারিসিয়ানদের হয়ে মাঠে আর জাদু দেখাবেননা এই ৩৪ বছর বয়সী খেলোয়াড় । ডি মারিয়া প্যারিসিয়ানদের হয়ে জিতেছেন ১৪টি ট্রফি, যার মধ্যে রয়েছে পাঁচটি ফরাসি লিগ শিরোপা ।
ডি মারিয়া তার পরবর্তী ঠিকানা খুঁজছেন এবং জানা গেছে শীঘ্রই জুভেন্টাসের সাথে আলোচনায় বসবেন এই প্লে-মেকার ।
চলতি মৌসুমে ডি মারিয়া পিএসজির হয়ে খেলেছেন ৩০ ম্যাচ ।মৌসুমের শুরুতে প্যারিসিয়ানদের সাথে যুক্ত হন লিওনেল মেসি । এমবাপ্পে এবং নেইমারের সাথে তৃতীয় ফরওয়ার্ড হিসেবে বেশিরভাগ সময় খেলেছেন মেসি । বিগত মৌসুমের তুলনায় ক্লাবের শুরুর একাদশে তার গুরুত্ব কমে গিয়েছিল ।
ডি মারিয়া প্যারিসের হয়ে প্রথম পাঁচ মৌসুমে ৮২টি গোল করেছিল । তবে ২০২০-২১ মৌসুমে তার গোলের সংখ্যা কমে গেলেও তিনি দলের বিশিষ্ট ভূমিকা পালন করেছেন ।
ডি মারিয়া রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে । অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে নাটকীয় ফাইনালের জয়ের মহানায়ক ছিলেন তিনি । এরপরের মৌসুমে তিনি পাড়ি জমায় ইউনাইটেডে। তবে ইউনাইটেড কোচ লুই ভ্যান গালের অধীনে কখনও নিয়মিত খেলতে পারেননি । এক বছরেরও কম সময় খেলে ইউনাইটেড ছাড়ে ডি মারিয়া । ইউনাইটেডের হয়ে খেলেছিলেন ৩২ টি ম্যাচ ও গোল করেছিলেন মাত্র ৪টি ।
আর্জেন্টিনার হয়ে ১২১ টি ম্যাচ খেলেছেন ও গোল করেছেন ২৪টি । ব্রাজিলের বিপক্ষে কোপা ফাইনালে ম্যাচের একমাত্র গোলদাতা ছিলেন ডি মারিয়া । তার গোলে ২৮ বছর পর শিরোপা জিতে আর্জেন্টিনা ।


