

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর রোববার সন্ধ্যায় ঢাকায় ফোন করেছিলেন। এবারের আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। সম্প্রতি তাসকিনের পারফর্মেন্স দেখে তিনি মুগ্ধ হয়েছেন।
গৌতম গম্ভীর জানান, পুরো মৌসুমের জন্য বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে তার দলে চাই। আর এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে।
এদিকে গতকাল ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডের পরই ঢাকা থেকে ফোনে খবরটা পেয়েছেন তাসকিন আহমেদ। তবে প্রস্তাবের বিষয়টি নিয়ে দল এবং বোর্ডের সঙ্গে আলোচনার জন্য কিছু সময় চেয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য একটি সূত্র।
তবে তাসকিন দক্ষিণ আফ্রিকা ট্যুর রেখে দুটি টেস্ট ছেড়ে আইপিএল খেলতে যেতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভাবনা তৈরি হতে পারে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাস্তবতা মেনে উদারতার ইতিহাস থাকায়।
সাকিব আল হাসানকে যেমন গত মৌসুমে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি দেওয়া হয়েছিল। এবার দল পেলে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও পাওয়া যেত না এই তারকাকে। তাই তাসকিনের ছুটি পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করছেন নেটিজনরা।


