খেলাধুলা


উড়তে থাকা সিলেটকে মাটিতে নামাল রংপুর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ জানুয়ারি ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার

উড়তে থাকা সিলেটকে মাটিতে নামাল রংপুর

বল হাতে কাজটা সহজ করে দিয়েছিলেন রংপুর রাইডার্সের বোলাররা। উড়তে থাকা সিলেটকে ধসিয়ে দিয়েছিল মাত্র ৯২ রানে। ব্যাট হাতে বাকি সারলেন ব্যাটাররা। অল্প রানের বাধা কাটিয়ে গেলেন ১৬ ওভারেই। সহজ জয়ে উড়তে থাকা সিলেটকে মাটিতে নামাল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

আজ শুক্রবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেটের দেওয়া মাত্র ৯৩ রানের টার্গেট ২৬ বল হাতে রেখেই নাগাল পেয়ে গেল রংপুর। জয়ের ছন্দে উড়তে থাকা মাশরাফীরা দেখলেন টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় হারের মুখ।

রান তাড়ায় রংপুরের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার রনি তালুকদার। ২১ বলে ১৮ রান করেন আরেক ওপেনার নাঈম। সমান ১৮ রান আসে নেওয়াজের ব্যাট থেকে। ১৫.৪ ওভারে রংপুর করে ৯৩ রান। 

চলমান বিপিএলে রীতিমতো উড়ছিল সিলেট স্ট্রাইকার্স। আসরের শুরু থেকে ধরে রেখেছে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান। সেই সিলেটই এবার দেখল মুদ্রার উল্টো পিঠ। নিজের হোম ভেন্যুতে গিয়ে অবিশ্বাস্য ভাবে ধসে পড়ল স্বাগতিকরা। রংপুর রাইডার্সের সামনে মাত্র ৯২ রানেই থেমে গেল মাশরাফী বিন মোর্ত্তজার দল। তাই জয় পেতে খুব একটা অসুবিধা হলো না রংপুরের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অন্য এক সিলেটকে দেখল দর্শকরা। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের ব্যাটিং ধসের শো দেখল গোটা স্টেডিয়াম। শুরুটা হয় ইনিংসের দ্বিতীয় ওভারে টম ম্যুরকে দিয়ে। আজমতউল্লাহর বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ম্যুর। ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২ রান।

এরপর সিলেটের দুঃস্বপ্ন দেখা গেল পুরো ইনিংসেই। পরের ওভারেই ওপেনার নাজমুল হোসেন শান্তকে নিজের শিকার বানান মাহেদি হাসান। আগের ম্যাচের জয়ের নায়ক করেন ৯ রান।

পরের তিনজন তো রানের খাতাই খুলতে পারেননি। শূন্যতে বিদায় নেন জাকির জাসান, তৌহিদ ও মুশফিকুর রহিম। তিনজনের উইকেটই নেন আজমতউল্লাহ ও মাহেদি মিলে। ছয়ে নামা ইমাদ ওয়াসিম ১১ বল টিকে থাকেন। তবে করেন মোটে ১ রান। তাঁকে মাঠ ছাড়া করেন হাসান মাহমুদ।

দলীয় ১২ রানে ৫ উইকেট নেই সিলেটের। ১৮ রানে নেই সাতজন। কঠিন বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেই বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিম হাসান সাকিব ও মাশরাফি। সাকিব ৩৬ বল মোকাবিলায় করেন ৪১ রান। মাশরাফী করেন ২১ বলে ২১ রানে। তাতে কোনো মতে স্কোর ৯২ রানে গিয়ে ঠেকে। কিন্তু জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না। হার নিয়েই মাঠ ছাড়তে হলো মাশরাফীদের। 

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।