

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়নের খাতায় নাম লেখায় ইংল্যান্ড। এর চার মাস পরেই বাংলাদেশের কাছে এসে সিরিজ হারল ইংল্যান্ড। রেকর্ড গড়লো টাইগাররা। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি অর্থাৎ সিরিজ নির্ধারনের ম্যাচে ইংলিশদের মাত্র ১১৭ রানেই বেধে ফেলে টাইগাররা। তাই সহজ টার্গেটে ব্যাটিং করার আগে রোমাঞ্চই বয়ে যাওয়ার কথা। তবে অধিনায়কের বার্তা ছিল, জিতলেই উপভোগ করা হবে।মিরপুরে আজ (১২ মার্চ) দ্বিতীয় ম্যাচে জয় দিয়েই সিরিজ নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যে কোনো সংস্করণেই প্রথম সিরিজ জয় এটি। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পায় টাইগাররা।ম্যাচ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচের মাঝপথে ড্রেসিংরুমের আবহ কেমন ছিল, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিনায়ক বলেছিলেন, “খুশি হওয়ার কোনো কিছু নেই এখনো। খেলাটা শেষ হলেই আমরা উপভোগ করব।” প্রতিটা মুহূর্তে যেন সিরিয়াস থাকি, আর সবাইকে সমর্থন দিই। ব্যাটিংয়ে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি।’প্রতিপক্ষের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে মিরাজ বলেন, ‘ওরা কিন্তু শুরুতে খুবই ভালো করেছিল। সাকিব ভাই ও হাসান মাহমুদ ব্রেকথ্রু দিল, আমিও উঠোউঠি উইকেট নিলাম। সেটাই মানসিক দিক দিয়ে ওদের পিছিয়ে দিয়েছে। পরপর উইকেট পড়লে যেকোনো দলের জন্যই কঠিন। সে সময় উইকেটগুলো না পড়লে হয়তো ১৬০ করে ফেলতে পারত ওরা, ভুলগুলো না করলে। আমাদের বোলারদের তাই কৃতিত্ব দিতে হবে। ৬ ওভারে ৫০ রান তোলার পর ১৬০-৭০ তো হতেই পারত। আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি, সব মিলিয়ে আমাদের বোলাররা ভালো করেছে বেশ।’


