

৩৬ বছরে এসেও ব্যাটে বলে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত মার্চ মাসে আইসিসি’র মাস সেরা ক্রিকেটার হয়ে যেন জানান দিলেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। গত মার্চে ক্রিকেট আর ক্রিকেটের বাইরে ব্যস্ত সময় পার করেছিলেন সাকিব আল হাসান। মাঠের বাইরে বিজ্ঞাপন, গ্র্যাজুয়েশন, নিজের ক্যান্সার ফাউন্ডেশনের পাশাপাশি মাঠের খেলাতেও ছিলেন উজ্জ্বল। পুরো মাসে ১২ বার লাল সবুজের প্রতিনিধি হয়ে মাঠে ছিলেন সাকিব আল হাসান। ১২ ম্যাচে রান করেছেন ৩৫৩ আর বল হাতে তার উইকেট ছিলো ১৫ টি। সবমিলিয়ে মাস সেরা খেলোয়াড় হিসেবে সাকিবই ছিলেন অন্য সবার চেয়ে এগিয়ে। মাস সেরা ক্রিকেটার হবার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আর সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। মার্চে বাংলাদেশ সফরে এসেছিলো ইংল্যান্ড আর আয়ারল্যান্ড। দুই সিরিজেই ব্যাটে বলে নিজের নামের প্রতি সুবিচার করেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের সাথে সিরিজে বাংলাদেশ হার মানলেও ব্যক্তিগত পারফর্ম্যান্সে সাকিব ছিলেন উজ্জ্বল। তিন ম্যাচের মাঝে দুই ম্যাচেই ছিলো তার অর্ধশতক। ছিলেন পুরো সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ইংলিশদের সাথে সিরিজে তিন ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। শেষ ওয়ানডেতে ৭৫ রানের পাশাপাশি পেয়েছেন ৪ উইকেট। ব্যাটে বলে অমন দুর্দান্ত সাকিবের কল্যাণেই জয় পায় বাংলাদেশ। সেদিন ম্যাচ সেরাও হয়েছিলেন বাংলাদেশের এ তারকা। তবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই সাকিব পৌঁছে যান অন্যরকম উচ্চতায়। তার অধিনায়কত্বের সুবাদেই বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ব্যাটে বলে খুব বড় কিছু না করলেও, তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব বাংলাদেশকে এগিয়ে রেখেছিলো পুরো সিরিজে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব উইকেট নেন তিনটি। আর প্রথম ম্যাচে খেলেছিলেন ২৪ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংস। ইংলিশদের বিপক্ষে সিরিজ যেখানে শেষ করেছেন, সেখান থেকেই আয়ারল্যান্ডের সাথে খেলা শুরু করেন সাকিব। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রান করেছিলেন সাকিব। পরের দুই ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে হয়নি তাকে। আর ৩ ম্যাচের সিরিজে নিয়েছিলেন ৫ উইকেট। আয়ারল্যান্ডের সাথে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন ৩৮ রানের অপরাজিত ইনিংস।মার্চ মাসের সেরা হয়ে সাকিব বলেছেন, ‘আমি এ পুরস্কার জিততে পেরে সম্মানিত। বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ধন্যবাদ দিতে চাই। এ স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক। কারণ দুর্দান্ত কিছু ক্রিকেটারের বেশ কিছু বিশেষ পারফরম্যান্স ছিল গত মাসে।’


