খেলাধুলা


মেসির লা মাসিয়ায় কে এই বাংলাদেশী ফুটবলার?


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ আগস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার

মেসির লা মাসিয়ায় কে এই বাংলাদেশী ফুটবলার?
ভাবুন তো, যে লা মাসিয়ায় বেড়ে উঠেছেন লিওনেল মেসি, যাকে বলা হয় ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন, সেই একাডেমি থেকেই উঠে আসছেন একজন বাংলাদেশি ফুটবলার! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, সেটাই এখন বাস্তবতা।
বিশ্ব ফুটবলের আঁতুড়ঘর হিসেবে খ্যাত লা মাসিয়া। এখান থেকেই গড়ে উঠেছেন মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ কিংবা সাম্প্রতিক বিস্ময় লামিন ইয়ামাল। সেই একাডেমিতেই গত দুই বছর ধরে অনুশীলন করছেন বাংলাদেশি কিশোর শায়ান সালাম। যদিও বার্সেলোনার মূল স্কোয়াডে এখনও সুযোগ হয়নি তার, কারণ তিনি খেলছেন অন্য একটি ক্লাবের হয়ে, তবে লা মাসিয়ার মতো জায়গায় নিয়মিত প্রশিক্ষণ নেওয়া নিজেই এক বিরল অর্জন।
সম্প্রতি পরিবারের সঙ্গে বাংলাদেশ সফরে এসে শায়ান নিজেই জানিয়েছেন এই চমকপ্রদ খবর। এর মধ্যেই দেশে ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে উচ্ছ্বাস। আরও চমকপ্রদ তথ্য হলো—শায়ানের বাবা নিজেও ছিলেন পেশাদার ফুটবলার, যিনি একসময় খেলেছেন ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের হয়ে। অর্থাৎ, ছোট থেকেই ফুটবল রক্তে মিশে আছে শায়ানের।
সবচেয়ে বড় ব্যাপার হলো, স্পেনে বেড়ে ওঠা এই কিশোরের স্বপ্ন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা। শায়ান বলেন, “আমি বার্সার সঙ্গে প্র্যাকটিস করছি আর অন্য একটা ক্লাবের হয়ে ম্যাচ খেলি। ইনশাআল্লাহ, উন্নতি হবে ভবিষ্যতে। আর আমিও ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলতে চাই।”
এমন প্রতিভাকে ঘিরে ইতিমধ্যেই আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী বলেন, “আপনারা জানেনই বাংলাদেশের ফুটবলের সঙ্গে স্প্যানিশ ফুটবলের তফাত। অনেক পার্থক্য থাকবেই। তারপরও আমরা ওকে বাংলাদেশের হয়ে উৎসাহ দিচ্ছি, যেন ভবিষ্যতে জাতীয় দলে খেলতে পারে।”
লা মাসিয়ার মতো জায়গায় প্রশিক্ষণ নেওয়া মানেই ফুটবল ক্যারিয়ারে অগাধ সম্ভাবনার ইঙ্গিত। তাই শায়ান সালামের এই পথচলা বাংলাদেশের ফুটবলে নতুন স্বপ্ন বুনছে। হয়তো একদিন লাল-সবুজের জার্সি গায়ে তাকেই দেখা যাবে বিশ্বমঞ্চে।

সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।