বাংলাদেশ
তপশিল ঘোষণার পরও থামেনি আন্দোলন, ৩৬ দিনে ঢাকায় ৮৯ বিক্ষোভ
.webp)
জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর রাজধানী ঢাকায় আন্দোলন-সমাবেশে লাগাম টানার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে বাস্তবে সেই উদ্যোগ কার্যকর হয়নি। তপশিল ঘোষণার পর গত ৩৬ দিনে রাজধানীতে অন্তত ৮৯টি আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যে জানা গেছে।
গত ১১ ডিসেম্বর নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। এরপর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন যৌক্তিক ও অযৌক্তিক নানা দাবিতে প্রায় প্রতিদিনই রাজধানীর সড়কে নেমেছে। কোনো কোনো দিন একাধিক সংগঠন একই সঙ্গে আন্দোলনে অংশ নেয়। ফলে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ হয়ে যানজটে স্থবির হয়ে পড়ে ব্যস্ত ঢাকা নগরী। এতে চরম ভোগান্তির পাশাপাশি নষ্ট হয় কর্মঘণ্টা।
কখনও কখনও আন্দোলনকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশ এবং সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও এসব এলাকাতেও একাধিকবার আন্দোলন হয়েছে।
এর আগে গত ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে তপশিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ও জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ডিএমপির তথ্য অনুযায়ী, তপশিল-পরবর্তী আন্দোলনের মধ্যে ২০টি কর্মসূচিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠন, গোষ্ঠী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। এর মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ১৩ দিনে ১৩টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সংগঠনটি। একই দাবিতে জুলাই মঞ্চ দুই দিন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ২১ দিন বিক্ষোভ ও সমাবেশ করে।
সহপাঠীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় ৯ দিন মানববন্ধন ও বিক্ষোভ করেন। ব্যাটারিচালিত রিকশা আটক বন্ধের দাবিতে চার দিন আন্দোলনে নামেন চালকরা। সরকারি চাকরি আইন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ অনুমোদনের প্রতিবাদে বাংলাদেশ সচিবালয় সরকারি পরিষদ দুদিন অবস্থান কর্মসূচি পালন করে।
এ ছাড়া চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে শিক্ষার্থী সমন্বয় পরিষদ, চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মচারীরা, ছাত্রলীগ নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের লংমার্চসহ বিভিন্ন ইস্যুতে একাধিক সংগঠন সড়কে নামে।
গত বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, মহাখালীর আমতলী, টেকনিক্যাল, তাঁতীবাজার ও ফার্মগেট এলাকায় একযোগে সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগেও ৪ জানুয়ারি ও ২৯ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘তপশিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তা অবরোধ না করার জন্য আমরা বারবার অনুরোধ জানিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।’
সম্পর্কিত
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা
আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ
রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।









