বাংলাদেশ


পত্রিকা: ‘মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ’


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:১২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

পত্রিকা: ‘মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ’

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র


ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলোতে গুরুত্ব পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা, জ্বালানি সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ, শ্রমিকদের বেতন–বোনাস পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো-

 

এই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, পাঁচই অগাস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর সরকারি সেবা কর্মকাণ্ডের ডিজিটাল রূপান্তরের প্রধান কেন্দ্র এসপায়ার টু ইনোভেটে (এটুআই) 'মবের' মাধ্যমে চাকরি বাগিয়ে নেওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধির ঘটনা ঘটেছে।

 

এ বিষয়ে যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে, তিনি হলেন ফাহিম আবদুল্লাহ। যিনি একসময় এটুআই ই-ফাইলিং সিস্টেমের জুনিয়র কনসালট্যান্ট ছিলেন। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ২০২৩ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করলে পরে চাকরি হারান এটুআই থেকে।

 

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পরদিনই একদল বহিরাগত অনুসারী নিয়ে এটুআই কার্যালয়ে হাজির হয়ে ফাহিম আবদুল্লাহ এটুআইয়ের কর্মকর্তাদের নানা হুমকি দেন চাকরি ফিরিয়ে দিতে। শেষ পর্যন্ত বড় পদ 'প্রজেক্ট ম্যানেজমেন্ট হেড' দখল করে নিতে সক্ষম হন তিনি। এই ব্যক্তি আগে বেতন পেতেন ৭০ হাজার টাকা, তা এখন পাঁচ লাখ টাকায় দাঁড়িয়েছে।

 

'মবের' ওই চক্রের মাধ্যমে আরও অনেকে উচ্চ বেতনে এটুআইয়ে জায়গা করে নেন। পাশপাশি মবের কারণে অনেকে চাকরি হারিয়েছেন। এসব ঘটনার এক পর্যায়ে এটুআইয়ের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির টানাপোড়েন সৃষ্টি হয়। ২০২৪ সালের ১৪ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়কে মব করে কর্মকর্তা-কনসালট্যান্টদের অপসারণ ঘটনার জেরে একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠায় ইউএনডিপি।

 

এতে বলা হয়, যারা ন্যাশনাল পার্সোনাল সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট চুক্তির অধীনে ইউএনডিপির কর্মী হিসেবে কাজ করছেন, তারা বাংলাদেশ সরকারের সরাসরি কর্মচারী নন। তাদের নিয়োগ ও কার্যক্রম ইউএনডিপির নীতিমালা ও জাতিসংঘের প্রশাসনিক বিধি অনুযায়ী পরিচালিত হয়।

 

এই নোটটি দেওয়া হয় এটুআই প্রকল্প থেকে বাদ পড়া ইউএনডিপির অধীন ৯ জন কর্মকর্তা-কনসালট্যান্টের জন্য। ২০২৫ সালের জুনে ইউএনডিপির তদারকি ও তদন্তকারী দপ্তর অডিট ও ইনভেস্টিগেশনস (ওএআই) অফিস এই অভিযোগের তদন্ত করতে আসে। তারা পরে সাফ জানিয়ে দেয়, অভিযুক্ত কর্মকর্তা-কনসালট্যান্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার মতো পর্যাপ্ত ভিত্তি নেই।

 

মানবজমিন: ‘প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ’

 

মানবজমিন

 

ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের হাতে তৈরি জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল যে অঙ্গীকার করেছে, তার বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হচ্ছে আজ থেকে।

 

আজ শুরু হওয়া সংসদের মেয়াদকাল থাকবে আগামী ২০৩১ সালের মার্চ পর্যন্ত। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হওয়া সরকারি দল বিএনপি ও তাদের মিত্রদের সামনে জনগণের প্রত্যাশা পূরণের বড় চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্বে থাকা জামায়াত এনসিপি জোটের সামনে রয়েছে সরকার ও সরকারি দলের এমপিদের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব।

 

সমকাল: ‘প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে জুলাই সনদ’

 

সমকাল

 

আজ বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎও এই অধিবেশনেই নির্ধারণ হবে।

 

প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করতে যাচ্ছেন। অধিবেশনকে সামনে রেখে গতকাল সরকার ও বিরোধীদলীয় এমপিরা পৃথক সংসদীয় দলের বৈঠক করেছেন।

 

বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্টসহ এগোনোর ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে জামায়াত ও এনসিপি জোটের সদস্যরা গণভোটে পাস হওয়া সনদ হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

 

প্রথম আলো: ‘স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা, গোপন রাখল বিএনপি’

 

প্রথম আলো

 

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, তা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রেখেছে বিএনপি। স্পিকার পদে আবদুল মঈন খান ও হাফিজউদ্দিন আহমদের নাম নিয়ে জোরালো আলোচনা রয়েছে। দু’জনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। এর মধ্যে হাফিজউদ্দিন আহমদ নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

 

এদিকে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে বিরোধী দল তা গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিরোধী দল এই পদ না নিলে বিকল্প প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানা গেছে।

 

নয়া দিগন্ত: ‘মন্ত্রী–এমপিদের চলনে-বলনে মার্জিত থাকার নির্দেশনা’

 

নয়া দিগন্ত

 

চলনে-বলনে মার্জিত থাকা এবং দায়িত্বের বাইরে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত সকাল ৯টার মধ্যে অফিসে যেতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান তিনি।

 

দ্য ডেইলি স্টার: ‘রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ঢাকা’

 

দ্য ডেইলি স্টার

 

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ রাশিয়ার তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে।

 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান। তিনি বলেন, ভারত যেহেতু রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় পেয়েছে, বাংলাদেশও সেই সুযোগ প্রত্যাশা করে।

 

বণিক বার্তা: ‘ফেব্রুয়ারির বেতন হয়নি ৫৩% কারখানায়, ঈদ বোনাস দেয়নি ৮৪%’

 

বণিক বার্তা

 

আসন্ন ঈদুল ফিতরের আগে দেশের শিল্প-কারখানার বড় অংশে এখনো ফেব্রুয়ারির বেতন পরিশোধ হয়নি। শিল্পাঞ্চলের ১০ হাজার ১০০টি কারখানার মধ্যে মাত্র ৪৭ দশমিক ৪০ শতাংশ কারখানায় বেতন দেওয়া হয়েছে। অন্যদিকে ৫২ দশমিক ৬০ শতাংশ কারখানায় এখনো বেতন বকেয়া রয়েছে।

 

একই সঙ্গে ঈদ বোনাস দেওয়া হয়েছে মাত্র ১৬ শতাংশ কারখানায়, বাকি ৮৪ শতাংশ কারখানায় বোনাস এখনো পরিশোধ হয়নি।

 

আজকের পত্রিকা: ‘ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন’

 

আজকের পত্রিকা

 

রেলপথ মন্ত্রণালয় পুরোনো ডেমু ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তর এবং নতুন আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা করছে। ঢাকা–পাবনা ও ঢাকা–খুলনা রুটে নতুন আন্তনগর ট্রেন চালু, পুরোনো কারখানার আধুনিকায়ন এবং নতুন কারখানা স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া ঢাকা–চট্টগ্রাম রুটে যাত্রা সময় চার ঘণ্টায় নামিয়ে আনার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

 

নিউ এইজ: ‘ডিজেল সংকটে বোরোর সেচ ব্যাহত’

 

নিউ এইজ

 

ডিজেল সংকটের কারণে কয়েকটি জেলায় বোরো ধানের জমিতে সেচ ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষকরা। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পর্যায়ে সেচ কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

 

দেশ রূপান্তর: ‘হরমুজ ঘিরে উত্তেজনা’

 

দেশ রূপান্তর

 

তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাইন স্থাপনে ব্যবহৃত ইরানের ১৬টি নৌযান ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।


সম্পর্কিত

বাংলাদেশজাতীয় দৈনিক পত্রিকাপত্রিকাদৈনিক পত্রিকা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশ ঘিরে সংঘর্ষ, আহত ৩

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তারাবিহ নামাজে বের হয়েছিল মাদ্রাসাছাত্র, বাঁশঝাড়ে মিলল রক্তাক্ত লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

জ্বালানি সরবরাহে স্বস্তি: চট্টগ্রাম বন্দরে ভিড়ছে একের পর এক ডিজেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার মধ্যেই স্বস্তির খবর দিয়েছে জ্বালানি খাত। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে, যা দেশের জ্বালানি মজুত পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।