রাজু তালুকদার, মোংলা প্রতিনিধি।
মোংলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
সোমবার দুপুরে মোংলার বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের কোনো সেবা থেকেই সুবিধাবঞ্চিত মানুষ বাদ পড়বেন না। এ ছাড়া উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
এ সময় দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে এলাকার মানুষের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









