২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়াসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কার বিক্রির নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে, গত ২৫ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।









