চাকরির আবেদনপত্র তৈরি, চিকিৎসার রিপোর্ট বোঝা কিংবা ব্যাংকের হিসাব বিশ্লেষণ—প্রতিদিনের নানা কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ব্যবহার বাড়ছে। তবে কাজ সহজ করতে গিয়ে অজান্তেই ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করছেন না তো? এসব তথ্য অন্যের হাতে পড়লে আপনার নিরাপত্তা ও গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে।
পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, জাতীয় পরিচয়পত্র ও চিকিৎসার রিপোর্টসহ বেশ কিছু তথ্য এআই চ্যাটবটে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। কারণ, ব্যবহারকারীর দেওয়া তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা এবং গোপনীয়তা সেটিংসের ওপর নির্ভর করে।
তাই এআইয়ের সাহায্য নেওয়ার সময় যেসব তথ্য গোপন রাখা জরুরি, সেগুলো জেনে নেওয়া প্রয়োজন।
১. পাসওয়ার্ড, ওটিপি ও পিন নম্বর
ফেসবুক বা ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যা হলে এআইয়ের কাছে সমাধান জানতে পারেন। তবে কোনো অবস্থাতেই পাসওয়ার্ড, একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি), পিন নম্বর কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের গোপন কোড শেয়ার করবেন না।
এমনকি পাসওয়ার্ড দেখা যায়, এমন স্ক্রিনশটও আপলোড করা উচিত নয়। এসব তথ্য অন্যের হাতে গেলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।
২. জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট
ভিসার আবেদন বা কোনো সরকারি ফরম পূরণের নির্দেশনা বুঝতে এআইয়ের সাহায্য নিতে পারেন। তবে পুরো জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা জন্মনিবন্ধন সনদের ছবি আপলোড করা নিরাপদ নয়।
এসব নথিতে নাম, জন্মতারিখ, পরিচয়পত্র নম্বরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য থাকে। যা পরিচয় জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত হতে পারে।
প্রয়োজন হলে পরিচয় শনাক্তকারী তথ্য মুছে বা ঢেকে শুধু প্রয়োজনীয় অংশটুকু শেয়ার করুন।
৩. ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডের তথ্য
মাসিক খরচের হিসাব কিংবা সঞ্চয়ের পরিকল্পনা করতে এআইয়ের পরামর্শ নেওয়া যায়। তবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য, সিভিভি ও ব্যাংকিং পিন শেয়ার করা উচিত নয়।
অনেকে খরচ বিশ্লেষণের জন্য পুরো ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেন। এতে অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের বিবরণ এবং অন্য ব্যক্তির তথ্যও প্রকাশ পেতে পারে।
এর পরিবর্তে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, শুধু সেই হিসাব লিখে দিন।
৪. চিকিৎসার রিপোর্ট
রক্ত পরীক্ষার রিপোর্ট কিংবা চিকিৎসাসংক্রান্ত কোনো বিষয় বুঝতে এআইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। তবে রিপোর্টে থাকা রোগীর নাম, হাসপাতালের নিবন্ধন নম্বর ও অন্যান্য পরিচয় শনাক্তকারী তথ্য বাদ দেওয়া ভালো।
চিকিৎসার রিপোর্টে ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকে। তাই প্রয়োজনীয় ফলাফল বা পরীক্ষার মানগুলো পরিচয় গোপন রেখে শেয়ার করুন।
এ ছাড়া এআইয়ের ব্যাখ্যার ভিত্তিতে নিজে নিজে রোগ নির্ণয় বা ওষুধের মাত্রা পরিবর্তন করবেন না। চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্তের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।
৫. ব্যক্তিগত ছবি
এআই দিয়ে ছবি সম্পাদনা এখন বেশ জনপ্রিয়। তবে নিজের বা অন্য কারও অন্তরঙ্গ ছবি, ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা গোপনীয়তা ক্ষুণ্ন হতে পারে—এমন ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন।
সাধারণ ছবি আপলোডের আগেও খেয়াল করুন, ছবির পেছনে বাড়ির ঠিকানা, গুরুত্বপূর্ণ নথি কিংবা অন্য কোনো ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে কি না। শিশুদের ছবি ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
৬. অফিসের গোপন নথি ও তথ্য
অফিসের ইমেইল লেখা কিংবা প্রতিবেদন সম্পাদনার কাজে এআই ব্যবহার করা যায়। তবে প্রতিষ্ঠানের অপ্রকাশিত নথি, কর্মীদের বেতনের তথ্য, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কিংবা অভ্যন্তরীণ অভিযোগ সাধারণ এআই চ্যাটবটে আপলোড করা উচিত নয়।
কোনো ইমেইলের ভাষা ঠিক করতে চাইলে নাম, পদবি, ইমেইল ঠিকানা ও গোপনীয় তথ্য বাদ দিয়ে প্রয়োজনীয় অংশটুকু শেয়ার করুন।
পাশাপাশি প্রতিষ্ঠানের এআই ব্যবহারের নীতিমালা মেনে চলুন। কোনো তথ্য শেয়ার করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন।
৭. অন্যের ব্যক্তিগত কথোপকথন
বন্ধু, পরিবারের সদস্য কিংবা সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা হলে পরামর্শের জন্য অনেকে ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট এআইতে আপলোড করেন।
কিন্তু এসব স্ক্রিনশটে অন্য ব্যক্তির নাম, ফোন নম্বর, ছবি কিংবা ব্যক্তিগত তথ্য থাকতে পারে। তাই পুরো কথোপকথন শেয়ার না করে সমস্যাটি নিজের ভাষায় লিখুন। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও শনাক্তকারী তথ্য বাদ দিন।
আগে ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকলে কী করবেন?
এত দিন এআই চ্যাটবটে ব্যক্তিগত তথ্য দিয়ে থাকলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের গোপনীয়তা ও তথ্য নিয়ন্ত্রণের সেটিংস পরীক্ষা করুন।
চ্যাটজিপিটিতে সেটিংসের ‘ডেটা কন্ট্রোলস’ থেকে ‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ অপশন বন্ধ করা যায়। এতে নতুন কথোপকথন মডেলের উন্নয়নে ব্যবহার করা হবে না। এ ছাড়া সাময়িক চ্যাট ব্যবহারের সুযোগও রয়েছে।
জেমিনাইতেও কথোপকথনের তথ্য সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে সেটিংস পরিবর্তন করা যায়। তবে এসব সেটিংস বন্ধ করলেই আগে শেয়ার করা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, এমন নয়। প্রয়োজনে পুরোনো কথোপকথন মুছে ফেলার ব্যবস্থাও নিতে হবে।
আর ভুল করে পাসওয়ার্ড, পিন বা গোপন কোড শেয়ার করে থাকলে শুধু চ্যাট মুছে নিশ্চিন্ত হবেন না। সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন।
সবশেষে মনে রাখতে হবে, এআইয়ের সাহায্য নিতে নিজের সব ব্যক্তিগত তথ্য প্রকাশ করার প্রয়োজন নেই। প্রয়োজনীয় তথ্যটুকু পরিচয় গোপন রেখে শেয়ার করলেই অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাধান পাওয়া সম্ভব। তাই কোনো নথি, ছবি বা তথ্য আপলোড করার আগে একবার ভেবে নিন, সেটি শেয়ার করা সত্যিই প্রয়োজন কি না।









