জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে গ্রাহকের সাবস্ক্রিপশনের পুরো টাকা ফেরত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি ডেটিং অ্যাপ। এ জন্য ব্যবহারকারীকে তিন বছর সময় দেবে প্রতিষ্ঠানটি। এই সময়ের মধ্যে বিয়ে করতে না পারলে টাকা ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপটি। চীনে এমন অভিনব উদ্যোগ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
অ্যাপটির নাম ‘লিয়াংপেই এআই’। গত জুলাইয়ে চালু হওয়া অ্যাপটির বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা বা ৩০০ মার্কিন ডলার। তিন বছরের মধ্যে বিয়ে না হলে এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে অ্যাপটির বিশেষত্ব শুধু টাকা ফেরতের নিশ্চয়তায় সীমাবদ্ধ নয়। প্রচলিত ডেটিং অ্যাপের মতো একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ নেই এখানে। একজন ব্যবহারকারী একবারে কেবল একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে পরিচিত হতে পারবেন। চলমান পরিচয় শেষ না হওয়া পর্যন্ত নতুন কাউকে খোঁজার সুযোগ থাকবে না।
অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি তিনি অবিবাহিত কি না, সেটিও যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, চালুর প্রথম মাসেই যাচাই প্রক্রিয়ায় ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।
নিবন্ধনের পর নতুন ব্যবহারকারীকে প্রথমে এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিটের কথোপকথনে অংশ নিতে হয়। এ সময় পারিবারিক পরিচয়, বেড়ে ওঠা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গীর বিষয়ে প্রত্যাশা জানতে চায় এআই।
এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর একটি বিস্তারিত প্রোফাইল তৈরি করা হয়। এরপর ব্যক্তিত্ব, মূল্যবোধ, জীবনযাপন ও পারিবারিক পটভূমির মিল বিবেচনা করে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে দেয় অ্যাপটি।
লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি উন্নয়নে কাজ করেছেন। ম্যাচমেকিং বা ঘটকসেবার ধারণা থেকেই এআই ব্যবহার করে জীবনসঙ্গী খোঁজার উদ্যোগ নেন তিনি।
জেংয়ের মতে, প্রচলিত ডেটিং অ্যাপগুলো অনেকটা অনলাইন হলুদ পাতার মতো। এসব অ্যাপে মানুষের পরিচিতি পাওয়া গেলেও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করার কাজটি ব্যবহারকারীকেই করতে হয়। অথচ তরুণদের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পছন্দ, ব্যক্তিত্ব ও জীবনযাপনের মিল এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তিন বছরের মধ্যে বিয়ে না হলে টাকা ফেরত
অ্যাপটির সবচেয়ে আলোচিত বিষয় হলো টাকা ফেরতের প্রতিশ্রুতি। প্রতিষ্ঠাতা জেংয়ের মতে, বিয়ে একটি স্বতন্ত্র আইনি অবস্থান। অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতিতে কারও বিয়ে হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব।
তবে এ নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
জেংয়ের বক্তব্য, ব্যবহারকারীকে জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে ম্যাচমেকিং সেবা থেকে মুনাফা করা উচিত নয়। অ্যাপটি কাজে না এলে তিনি টাকা ফেরত দিতে প্রস্তুত। এ ছাড়া বিভিন্ন প্রতিবেদনে অ্যাপটির ত্রৈমাসিক ও লাইফটাইম ব্যবহারের প্যাকেজের কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব প্যাকেজে তিন বছরের টাকা ফেরতের নিশ্চয়তা প্রযোজ্য কি না, তা পরিষ্কার নয়।
সম্পর্কের সমস্যায় পরামর্শ দেবে এআই
লিয়াংপেই এআইতে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামে একটি বিশেষ সুবিধাও রয়েছে। ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে এটি সম্পর্কের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দেয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক নারী ব্যবহারকারী তার সঙ্গে পরিচিত হওয়া একজন পুরুষের কাছ থেকে উত্তর পাওয়া বন্ধ হয়ে গেলে এই সুবিধার সাহায্য নেন। এআই তাকে জানায়, কেউ ব্যস্ত থাকলেও তিন দিনের মধ্যে নিজের অনুপস্থিতির কারণ জানানো উচিত।
পরামর্শটি পাওয়ার পর ওই নারী চলমান পরিচয়টি শেষ করেন। পরে নিজের জন্য উপযুক্ত একজন সঙ্গী খুঁজে পান বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লিয়াংপেই এআইতে ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে অর্থ দিয়ে সেবা নেওয়ার হার প্রায় ৯ শতাংশ। এ ছাড়া বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে দেড় কোটি ইউয়ান বা প্রায় ২২ লাখ মার্কিন ডলার অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি।
তবে অ্যাপটি নতুন হওয়ায় এর মাধ্যমে কতজনের সফল পরিচয় বা বিয়ে হয়েছে, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তিন বছরের টাকা ফেরতের প্রতিশ্রুতিও বাস্তবে যাচাইয়ের সুযোগ তৈরি হয়নি। প্রথম ব্যবহারকারীদের এই মেয়াদ পূর্ণ হবে ২০২৯ সালে।
বিশ্লেষকদের মতে, এআইয়ের মাধ্যমে উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ তৈরি হলে সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে, মানুষের ব্যক্তিত্ব ও সম্পর্কের মতো সংবেদনশীল বিষয় এআই কতটা নির্ভুলভাবে বুঝতে পারবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। অ্যাপটির কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি সফলতা যাচাইয়ের জন্য আরও সময় প্রয়োজন।









