কেউ হাই তুলছেন, আর তা দেখে নিজেরও হাই চলে এল—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। শুধু দেখাই নয়, কারও হাই তোলার শব্দ শুনলেও কিংবা বিষয়টি নিয়ে চিন্তা করলেও অনেক সময় নিজের অজান্তেই হাই ওঠে। আবার হাই তোলার সময় অনেকের চোখ দিয়ে পানি ঝরে।

এই দুটি ঘটনার পেছনেই রয়েছে মানুষের মস্তিষ্ক ও শরীরের কিছু স্বাভাবিক প্রক্রিয়া। তবে বিষয়গুলো নিয়ে বিজ্ঞানীদের গবেষণা এখনো চলছে।

হাই তুললে চোখে পানি আসে কেন?

হাই তোলার সময় চোখে পানি জমার নির্দিষ্ট কোনো একক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এর পেছনে কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে।

এর মধ্যে একটি হলো মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ। ২০১৩ সালের একটি গবেষণায় উঠে আসে, হাই তোলার মাধ্যমে মস্তিষ্ককে ঠান্ডা রাখার একটি প্রক্রিয়া কাজ করতে পারে। এ সময় চোখ দিয়ে পানি বের হওয়ার ঘটনাও তাপমাত্রা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে গবেষকদের ধারণা।

আরেকটি সম্ভাব্য কারণ হলো মুখের পেশির সংকোচন। হাই তোলার সময় মুখ ও চোখের চারপাশের পেশিগুলো প্রসারিত ও সংকুচিত হয়। এতে অশ্রুগ্রন্থির ওপর চাপ তৈরি হতে পারে। ফলে চোখ থেকে অজান্তেই পানি বেরিয়ে আসে।

এ ছাড়া ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতার সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। চোখে প্রয়োজনীয় আর্দ্রতা না থাকলে নিজেকে সুরক্ষিত রাখতে অতিরিক্ত অশ্রু তৈরি হতে পারে। এ কারণে হাই তোলার মতো সাধারণ কাজের সময়ও চোখ দিয়ে পানি পড়তে পারে।

শুধু শারীরিক কারণ নয়, পরিবেশের প্রভাবেও চোখে পানি আসতে পারে। ঠান্ডা বা শুষ্ক আবহাওয়া, ফ্যান কিংবা এসির সরাসরি বাতাস, ধুলাবালি, সুগন্ধি ও অ্যালার্জির কারণে চোখে অস্বস্তি তৈরি হতে পারে। পাশাপাশি কনজাংটিভাইটিস, অঞ্জনি কিংবা কর্নিয়ায় সামান্য আঁচড় লাগলেও চোখ দিয়ে পানি পড়ার প্রবণতা বাড়তে পারে।

তবে প্রত্যেকের হাই তোলার সময় চোখে পানি আসে না। একই ব্যক্তির ক্ষেত্রেও প্রতিবার এমনটি নাও ঘটতে পারে। চোখের অশ্রু তৈরির স্বাভাবিক ক্ষমতা, শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিবেশের ওপর বিষয়টি নির্ভর করে।

সাধারণত হাই তোলার সময় সামান্য পানি আসা উদ্বেগের কারণ নয়। তবে হঠাৎ চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়লে, জ্বালাপোড়া বা খচখচানি হলে কিংবা কয়েক দিন ধরে সমস্যা চলতে থাকলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

একজনের হাই অন্যজনের মধ্যে ছড়ায় কীভাবে?

হাই তোলার আরেকটি মজার বৈশিষ্ট্য হলো এর সংক্রামক প্রবণতা। অর্থাৎ, একজনকে হাই তুলতে দেখলে অন্যজনেরও হাই ওঠার সম্ভাবনা তৈরি হয়। শুধু চোখের সামনে দেখা নয়, হাই তোলার শব্দ শোনা কিংবা এ নিয়ে চিন্তা করলেও এমনটা হতে পারে।

গবেষণায় দেখা গেছে, এই প্রবণতার সঙ্গে মানুষের সামাজিক সম্পর্ক ও সহমর্মিতার যোগসূত্র থাকতে পারে। সাধারণত অপরিচিত ব্যক্তির তুলনায় কাছের মানুষ বা পরিচিত কাউকে হাই তুলতে দেখলে নিজেরও হাই ওঠার প্রবণতা বেশি দেখা যায়।

২০১৩ সালের একটি গবেষণায় ৩ থেকে ১৭ বছর বয়সি শিশুদের মধ্যে সংক্রামক হাই তোলার প্রবণতা পর্যবেক্ষণ করা হয়েছিল। সেখানে দেখা যায়, মাত্র তিন বছর বয়সি শিশুদের মধ্যেও অন্যকে হাই তুলতে দেখার পর নিজের হাই তোলার প্রবণতা রয়েছে।

তবে সংক্রামক হাই তোলার সঠিক কারণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো গবেষণা চলছে। এটি শুধু সহমর্মিতার সঙ্গে সম্পর্কিত, নাকি মস্তিষ্কের অন্যান্য প্রক্রিয়াও এতে ভূমিকা রাখে, তা পুরোপুরি নিশ্চিত নয়।

হাই তোলা ও চোখে পানি আসা কমানোর উপায়

হাই তোলার সময় চোখে পানি আসা সরাসরি বন্ধ করার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। তবে চোখের শুষ্কতা বা অ্যালার্জির মতো সমস্যা থাকলে সেগুলোর যথাযথ চিকিৎসা করালে উপকার পাওয়া যেতে পারে।

অন্যদিকে, ঘন ঘন হাই তোলার প্রবণতা কমাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকলে কিছুক্ষণ হাঁটাচলা করাও উপকারী হতে পারে।

তবে চোখে অতিরিক্ত পানি পড়া, জ্বালাপোড়া কিংবা অন্য কোনো অস্বস্তি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

মনে রাখবেন, অন্যকে হাই তুলতে দেখে আপনারও হাই আসা মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।