সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবি বলছে, প্রতিদিন ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়বে ৭ বছর। তবে এই দাবিটি সম্পূর্ণ সত্য নয়; বরং এটি অতিরঞ্জিত তথ্য। মূল গবেষণা এবং এর পেছনের প্রকৃত তথ্য জানা জরুরি।

আশির দশকে জার্মানির মনোবিজ্ঞানী ড. আর্থার সাবোর নেতৃত্বে একটি দীর্ঘমেয়াদি গবেষণা করা হয়। সেখানে দেখা গিয়েছিল, যেসব স্বামী প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে তাঁদের স্ত্রীকে বিদায়ী চুমু দেন, তাঁরা অন্যদের তুলনায় গড়ে ৫ বছর বেশি বাঁচেন।

কালক্রমে সামাজিক মাধ্যমে সেই ৫ বছর থেকে বেড়ে ৭ বছরে পরিণত হয়েছে। সকালের চটজলদি বিদায়ী চুমু রূপান্তরিত হয়েছে ২২ মিনিটের চুম্বনে। অর্থাৎ ২২ মিনিট চুম্বন করলেই আয়ু ঠিক সাত বছর বেড়ে যাবে এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। কোনো পিয়ার-রিভিউ গবেষণায় এই দাবির প্রমাণ মেলেনি।

তবে চুম্বনের ইতিবাচক প্রভাব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নিয়মিত চুম্বনে 'ফিল গুড হরমোন' নিঃসৃত হয়, এতে মানসিক চাপ কমে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। চুমু খেলে রক্তচাপ কমে, ব্যথা কমে; লালারসের বিনিময়ের ফলে মুখের স্বাস্থ্য ও দাঁত ভালো থাকে। তাই আয়ু বাড়ানোর হিসাব না কষে প্রিয় মানুষের সঙ্গে সুস্থ ও সুখী সম্পর্ক বজায় রাখাই হতে পারে দীর্ঘ জীবনের চাবিকাঠি।