নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়।

সংঘর্ষ চলাকালে জাদুঘর মোড়ের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন; আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা নিয়ে ঘটনার সূত্রপাত। ওই যুবক নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি বলে দাবি ছাত্রদল নেতা ইমদাদুল হকের। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে বসে ছিলেন শাহিনুর। তখন ইমদাদুল হকের অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীরা শাহিনুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শাহিনুর থানা হেফাজতে আছেন; তাঁর নামে থানায় মামলা আছে।

সংঘর্ষের পর বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে দুই নেতা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। সাফায়েত হোসেন দাবি করেন, শাহিনুর বিএনপির কর্মী, ছাত্রলীগের নেতা নন; চাঁদা না দিলে পুলিশে দেওয়া হয়। ইমদাদুল হক চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, কেউ তা প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করে নিজেকে আইনের কাছে সপে দেবেন। এদিকে কেন্দ্রীয় ছাত্রদল রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করেছে।