আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ তার কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না। ইতিহাস সাক্ষী যে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।
প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, পলাতক নেতারা সীমান্তের ওপারে অবস্থান নিয়ে দেশে আত্মগোপনে থাকা কর্মীদের দিয়ে মশাল মিছিলসহ নানা কর্মসূচি চালাচ্ছেন। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী শুধুমাত্র প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই কাউকে ফিরিয়ে আনা সম্ভব। 'আসিব আসিব বলিয়া' বিভিন্ন সময়ে তারিখ পরিবর্তনের নাটক চলছে বলেও মন্তব্য করেন তিনি।









